চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
স্কুলে দেওয়া খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থতার পর খাবার মান নিয়ে নিয়ে প্রশ্ন ওঠায় চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাখা হয়েছে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলার ২১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফিডিং প্রকল্পের খাবার দেওয়া হয়নি।
জানা গেছে, গতকাল বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম’র (গাক) পৌর এলাকার শংকরবাটি এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার সরবরাহ করে। খাবার খেয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরপর নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে গাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়ে। এরপর ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার হরিপুরে গাক এর কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে নিম্নমানের পাউরুটি রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাক এর স্টোর কিপার মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের কারণে আজ উপজেলার কোন বিদ্যালয়ে খাবার সরবরাহ করা হয়নি।
জানতে চাইলে সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, খাবারের মান বজায় রেখে বিদ্যালয়ে খাবার সরবরাহ করতে হবে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
