চার দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক, সিলেট
চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকেরা। রবিবার দুপুরে মালনীছড়া চা বাগান থেকে মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শ্রমিকেরা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
চা শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— দৈনিক মজুরি বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা জনগোষ্ঠীর ভূমির মালিকানা নিশ্চিত করা এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন আয়োজন।
দাবি বাস্তবায়নে প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন শ্রমিকেরা। এ সময়ের মধ্যে সরকার উদ্যোগ না নিলে সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকেরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, শ্রমিকদের চার দফা দাবির মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ দাবি। নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে। এ জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচন আয়োজন করবে।
