চার দিনে বসুন্ধরা কিংসের দুই ফাইনাল!
ক্রীড়া প্রতিবেদক
পেশাদার ফুটবলে অভিষেকের পর বসুন্ধরা কিংস রেকর্ড গড়েই চলেছে। আরেকটি কৃতিত্ব গড়তে যাচ্ছে, যা বাংলাদেশের কোনো ক্লাব পারেনি। ঘরোয়া ফুটবলে ফাইনাল খেলা বা চ্যাম্পিয়ন হয়েছে অনেক ক্লাবই। কিন্তু চার দিনের ব্যবধানে দুই ফাইনাল খেলার রেকর্ড গড়তে যাচ্ছে শুধু বসুন্ধরা কিংসই। একটি ফাইনাল হলেও আরেকটি আবার ফাইনালের মতোই। যাকে অলিখিত ফাইনাল বলা যায়। আগামীকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পেশাদার লিগে নিজেদের ১৭তম ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। কিংস ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৪ পয়েন্ট। দুই দলের ব্যবধান মাত্র এক পয়েন্ট।
শুক্রবারের ম্যাচে যারা জিতবে তাদেরই শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। কিংস জিতলে তো সেদিনই চ্যাম্পিয়ন হয়ে যাবে। শেষ ম্যাচে তখন ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে হারলেও তাদের কোনো যায় আসবে না। আবাহনী জিতলে তখন পয়েন্ট হবে ৩৭। অর্থাৎ কিংসের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকবে। শেষ ম্যাচ তারা খেলবে আরামবাগের বিপক্ষে।
ওই ম্যাচ জিতলেই শিরোপা হবে তাদের। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলেই আরামবাগের বিপক্ষে জয়ের সম্ভাবনা বেশি। তবে শুক্রবারই হবে শিরোপা নির্ধারণের জন্য প্রধান ম্যাচ। তাই ম্যাচটিকে ফুটবলপ্রেমীরা ফাইনাল বলেই চিহ্নিত করছেন।
এ তো গেল এক ফাইনালের কথা। ১৯ মে কিংস লড়বে প্রকৃত ফাইনালে। ফেডারেশনকাপের শিরোপা জেতার লড়াইয়ে। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারিনায়। যদিও মোহামেডান ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে। চার দিনের ব্যবধানে কিংস দুটো ফাইনাল খেলবে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফেডারেশন কাপে আবার কিংসের হ্যাটট্রিক শিরোপার হাতছানি। আগের দুই আসরে তারাই চ্যাম্পিয়ন। যদি আগামীকাল ও ১৯ মে বসুন্ধরা কিংস জিতে যায় চার দিনের ব্যবধানে বড় দুই ট্রফি জিতে আরেক ইতিহাস গড়বে ফুটবল কিং বসুন্ধরা কিংস। বৃষ্টি বা অন্য কারণে কোনো ম্যাচ পিছিয়ে গেলে তা ভিন্ন কথা।
৭৮ বছরের বৃদ্ধ ঘরোয়া ফুটবলে কিংস তো এখনো শিশু। তাদের পেশাদার ফুটবলে আগমন ঘটে ২০১৮-১৯ মৌসুমে। যেখানে কি না ঘরোয়া ফুটবল হয়েছিল ১৯৪৮ সালে। এরই মধ্যে সবাইকে পেছনে ফেলে রেকর্ড গড়ার দিক কিংস এগিয়ে গেছে। এবার কী করে সেটাই অপেক্ষা।
