চার রোভারের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে চার রোভার পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করেছেন। তাদের এই পরিভ্রমণ পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে শুক্রবার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছেন দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার।

তারা হলেন-রোভার শামিম আহমেদ, জুলফিকার, সাকিব ও আসিফ হাসান।
পরিভ্রমণকালে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ পৌরশহরে পৌঁছালে পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন বাবুল তাদের ফুল দিয়ে বরণ করেন নেন। পরে বিজয় চত্বরে তাদের গণসংবর্ধনা প্রদান করা হয়।

গণসংবর্ধনাকালে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, পৌর কাউন্সিলর তাইজউদ্দিন আহম্মেদ, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, সাবেক স্কাউট লিডার মোবারক আলী, বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন রোভার রুমানা ফারজানা, রোভার ফরহাদ হোসেন ও তানভীরসহ একদল রোভার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে, যাত্রাপথে রোভার স্কাউট গ্রুপের ওই চারজন রোভার বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights