চার হত্যা মামলায় আরও ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে চতুর্থ দফায় আবারও আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা চার হত্যা মামলায় দুই দিন করে মোট আটদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রবিবার বিকেলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত শুনানি শেষে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে চতুর্থ দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। এরমধ্যে সিদ্ধিরগঞ্জ থানার চারটি হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিন করে চার মামলায় আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত চারটি মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় ২০ আগস্ট হোটেল কর্মচারী মো. শাহীন ও একই দিন গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম, গত ২১ আগস্ট হুসাইন এবং ২০ আগস্ট মো. তুহিন হত্যায় গোলাম দস্তগীর গাজী অংশগ্রহণ করেন।

এর আগে, ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তার আগে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর গাজীকে। তাকে ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights