চালুর ২৪ ঘণ্টার মধ্যে গুগল আর্থ থেকে প্রত্যাহার ন্যানো বানানা-২
অনলাইন ডেস্ক
চালুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গুগল আর্থ থেকে ‘ক্রিয়েট ইমেজ’ নামের এআই চালিত স্যাটেলাইট ইমেজ টুলটি সরিয়ে নিয়েছে গুগল। ব্যবহারকারীরা এর অপব্যবহার করে স্পর্শকাতর স্থানের ভুয়া ছবি ছড়াচ্ছিলেন। নীতিমালার পরিপন্থী এই কাজের কারণে বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়ে ফিচারটি বাতিল করতে বাধ্য হয় তারা।
গুগল আর্থের ওয়েব সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে এই টুলটি আনা হয়েছিল। গুগলের ‘ন্যানো বানানা ২’ মডেল চালিত এই ফিচারে ব্যবহারকারীরা স্থান নির্বাচন করে টেক্সট প্রম্পট দিয়ে বাস্তবসম্মত দৃশ্য তৈরি করতে পারতেন। কোম্পানিটির মতে, সৃজনশীল কাজের সুবিধার্থেই এটি নকশা করা হয়েছিল।
তবে উন্মুক্ত হওয়ার পরপরই গবেষক, সাংবাদিক ও তথ্য বিশেষজ্ঞরা এর তীব্র সমালোচনা করেন। তারা সতর্ক করেন, এই টুলের সাহায্যে নিখুঁত ভুয়া স্যাটেলাইট ছবি তৈরি সম্ভব। সংঘাত বা জরুরি অবস্থার সময় এ ধরনের ছবির অপব্যবহার প্রকৃত তথ্যের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে।
এক্সে দেওয়া বিবৃতিতে গুগল বিষয়টি স্বীকার করেছে। তারা জানায়, মানুষ নির্ভরযোগ্য তথ্যের জন্য গুগল আর্থকে বিশ্বাস করে। কিন্তু অনেকেই নীতিবিরুদ্ধ ভুয়া স্ক্রিনশট শেয়ার করছিলেন। তাই আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ফিচারটি বন্ধ রাখা হচ্ছে।
গুগল আরও জানিয়েছে, তৈরি করা সব ছবিতে অদৃশ্য ‘সিন্থআইডি’ (SynthID) ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত ছিল। এছাড়া ছবিগুলো মূল গুগল আর্থে অন্যদের দেখার কোনো সুযোগ ছিল না এবং এগুলো যে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি, তা-ও স্পষ্ট করা ছিল।
