চিড়িয়াখানায় নতুন চার অতিথি
নিজস্ব প্রতিবেদক
চিড়িয়াখানার প্রাণিবৈচিত্র্য বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুটি পুরুষ ওয়াইল্ডবিস্ট বাংলাদেশে আনা হয়েছে। গতকাল জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ। তিনি আরও বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনই দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, ডা. মো. হাবিবুর রহমানসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিড়িয়াখানার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
