চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওয়া কবরস্থানের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওয়া কবরস্থানের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কবরস্থানের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। সেটি বোমা হতে পারে—এমন আশঙ্কায় তারা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বস্তুটির প্রকৃতি নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
