চূড়ান্ত চুক্তি হলে ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ছাড় পেতে পারে ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি হলে ইরান নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি ও জব্দ করা সম্পদ ফেরত পাওয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থনৈতিক সুবিধা পেতে পারে বলে জানা গেছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রস্তাবিত সমঝোতার আওতায় ইরান আগে থেকে আটকে থাকা অর্থ ব্যবহারের সুযোগ পাবে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, চুক্তি হলেও কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ইরানের এক মুখপাত্র জানান, কাতারের দোহায় আলোচনার সময় দুটি পৃথক ধাপে ৬ বিলিয়ন ডলার করে অর্থ ছাড়ের বিষয়ে প্রাথমিকভাবে সমঝোতা হয়েছিল। পরে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তার দাবি, সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত কাঠামোর প্রথম ধাপে ইরানের জব্দকৃত ১২ বিলিয়ন ডলার অর্থ ছাড় করা হতে পারে। এরপর ৬০ দিনের আলোচনার সময় আরও ১২ বিলিয়ন ডলার ছাড়ের সুযোগ তৈরি হতে পারে। শেষ পর্যন্ত যদি পক্ষগুলো একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছায়, তাহলে নিষেধাজ্ঞা শিথিলকরণ ও অর্থ ছাড়ের মোট পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- এই অর্থ ইরানের হাতে সরাসরি অবাধ নগদ অর্থ হিসেবে তুলে দেওয়া নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, সরাসরি অর্থ ছাড় দেওয়া হলে তা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মতো সংস্থার কাজে ব্যবহৃত হতে পারে।

এ কারণে সম্ভাব্য ব্যবস্থায় অর্থ ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখা হতে পারে। ধারণা করা হচ্ছে, এই অর্থ মূলত খাদ্য, ওষুধসহ মানবিক প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের আরেকটি শর্ত হলো- এই অর্থ অনুমোদিত বাজার ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট আর্থিক চ্যানেলের মাধ্যমে পণ্য কেনার কাজে ব্যবহার করতে হবে। এ শর্তে ইরান কতটা সন্তুষ্ট, তা এখনও স্পষ্ট নয়। তবে তেহরান প্রকাশ্যে এই শর্ত প্রত্যাখ্যান করেনি।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সমঝোতা বাস্তবায়িত হলে তা ইরানের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি আনতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কেও নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights