চেয়ার ফাঁকা দেখে হাজিরা খাতায় চোখ প্রতিমন্ত্রীর, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শাস্তি আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নদীবন্দর, ড্রেজার বেইজসহ বিআইডব্লিউটিএ’র বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার সকালে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আকস্মিক এ পরিদর্শন করেন। এ সময় তিনি বিআইডব্লিউটিএ’র হিম নীড়ে প্রকৌশল দফতর, ড্রেজার বেইজ ও নদীবন্দরের কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
মন্ত্রীর পরিদর্শনকালে দফতরগুলোর বেশির ভাগ কক্ষে চেয়ার ফাঁকা দেখা যায়। দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান সম্পর্কে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রতিমন্ত্রী জানতে চাইলে, তারা প্রশিক্ষণে যাওয়া, পরিদর্শনে যাওয়াসহ বিভিন্ন ধরনের অজুহাত দিয়েছেন। পরে প্রতিমন্ত্রী হাজিরা খাতা দেখেন।
গণমাধ্যমকর্মীরা জানান, পুরো ঘটনা প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গীরা নোট করে নেন, ফলে পুরো নদীবন্দর, ড্রেজার বেইজসহ বিআইডব্লিউটিএ’র বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শাস্তি আতঙ্ক বিরাজ করছে। এদিকে সফর সম্পর্কে নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে জিজ্ঞাসা করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা যা দেখেছেন, আমিও তাই দেখেছি। এ বিষয়ে পরবর্তীতে কথা হবে। তবে যাদের যথাসময়ে কার্যালয়ের নিজ কক্ষে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রী।
পরিদর্শন শেষে কীর্তনখোলা নদীর ডিজি ঘাট থেকে স্পিডবোটে করে সফরসঙ্গীদের নিয়ে নিজ সংসদীয় এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন তিনি।
