চোট নিয়েই বিশ্বকাপ খেলার ঝুঁকি নিতে চান সাকা
স্পোর্টস ডেস্ক
চোট পুরোপুরি না সারলেও ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচেই মাঠে নামতে চান বুকায়ো সাকা। তবে তাকে খেলানো হবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ টমাস টুখেল।
ডালাসে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘এল’ গ্রুপে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। শক্ত প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করতে চায় দলটি।
তবে সেই ম্যাচে দর্শক হয়ে থাকতে চান না সাকা। অ্যাকিলিসের চোটে ভোগা এই উইঙ্গার গত মাসে খেলেছেন মাত্র একটি ম্যাচ। আর্সেনাল ও ইংল্যান্ড দলের চিকিৎসকরা তাকে দ্রুত সুস্থ করে তুলতে কাজ করছেন। যদিও সাকা নিজেই স্বীকার করেছেন, এখনও পুরোপুরি ছন্দে ফেরেননি তিনি।
সাকা বলেন, ‘খেলার সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি, বিশেষ করে যখন আপনি শতভাগ ফিট নন। তখন দুটি পথ থাকে—খেলবেন না, অথবা সমালোচনার ঝুঁকি জেনেই খেলবেন।’
তিনি আরও বলেন, ‘মানুষ আপনার অনুভূতির চেয়ে পারফরম্যান্সটাই দেখে। আমি ঝুঁকি নিতে প্রস্তুত। এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি এবং মাঠে নামার জন্য প্রস্তুত।’
সবশেষ গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির বিপক্ষে খেলেন সাকা, যেখানে তিনি ৮৩ মিনিট মাঠে ছিলেন। তবে কোচ টুখেল জানিয়েছেন, সাকা পুরো ম্যাচ খেলার মতো ফিট কিনা, তা এখনও নিশ্চিত নন।
কোচের মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলতে চাননি ২৪ বছর বয়সী এই ফুটবলার। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ও দুই দলের মেডিকেল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গত মার্চ থেকে তারা আমাকে দারুণভাবে সহায়তা করেছে। এখন আগের চেয়ে অনেক ভালো লাগছে।’
সূত্র: গার্ডিয়ান
