চোটে ফের্মিন লোপেস, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক
ডান পায়ের পাতার হাড়ে ফ্র্যাকচারের কারণে ফের্মিন লোপেসকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। ফলে আসন্ন বিশ্বকাপে স্পেনের হয়ে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

গত রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধের পরেই ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে মাঠ থেকে তুলে নেন কোচ হ্যান্সি ফ্লিক। এরপর পরিবর্তে মাঠে নামেন আলেহান্দ্রো বাল্দে।

সোমবার বার্সেলোনা নিশ্চিত করেছে যে, ফের্মিনের পঞ্চম মেটাটারসাল ফ্র্যাকচারের কারণে অস্ত্রোপচার করা হবে। আর ফের্মিনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই চোটের কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন। আগামী ২৫ মে সোমবার বিশ্বকাপের জন্য স্পেনের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে।

চলতি মৌসি দুবার কুঁচকির চোট পাওয়া সত্ত্বেও বার্সেলোনার লা লিগা জয়ের পেছনে ফের্মিন ছিলেন অন্যতম মূল কারিগর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৩টি গোল করেছেন তিনি। আর অ্যাসিস্ট করেছেন ১৭টি।

২০২৪ সালে অভিষেকের পর থেকে স্পেনের জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন ফের্মিন। এর মধ্যে চলতি বছর তিনটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং গত মার্চে সার্বিয়া ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও রয়েছে। ম্যাচগুলোতে একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। বার্সেলোনার হয়ে উড়ন্ত ফর্মে থাকায় অনুমিতভাবেই তাকে বিশ্বকাপ দলে রাখতেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights