চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কারের চেক প্রস্তুত, নিচ্ছে না বাফুফে: পাপন

অনলাইন ডেস্ক

সাফজয়ী নারী ফুটবলারদের জন্য প্রতিশ্রুত ৫০ লাখ টাকার পুরস্কারের চেক গত অক্টোবর মাস থেকেই প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি, বারবার তাগাদা দেওয়া হলেও বাফুফে চেক নেওয়ার ব্যবস্থা করছে না।

এদিকে তিন দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কারের বকেয়া টাকার ফিরিস্তি দিতে গিয়ে বলেছিলেন, ‘মানিক টাকা দিয়েছে। সালামের পে অর্ডারও রেডি বলে জানিয়েছে। বিসিবির টাকার ব্যাপারে আপনারা (সংবাদমাধ্যম) জানেন, আমরা কিছু জানি না।’

বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাফজয়ী মেয়েদের জন্য। দু’জনের টাকার ব্যাপারে বাফুফে সভাপতির পুরো ধারণা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০ লাখ টাকার ঘোষণা নিয়ে তিনি কিছুই জানেন না বলেছিলেন।
এটা শুনেই বিসিবি সভাপতি নাজমুল হাসান গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘বিসিবি গত অক্টোবরে মেয়েদের পুরস্কারের চেক স্বাক্ষর করে ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছিল; কিন্তু তারা আসে না। এ ব্যাপারে ভালোভাবে বলতে পারবে সুজন (বিসিবির প্রধান নির্বাহী)।’ বিজয়ী দলের প্রত্যেকের নামে বিসিবি চেক তৈরি করেছে। তাদের হাতেই টাকা তুলে দিতে চায় বিসিবি। ব্যাপারটা বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও জানেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও বাফুফে সম্পাদক আবু নাঈম সোহাগ আলাপ করেই চেক নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights