চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন লিটন

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরেছেন শান্ত-মিরাজরা। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও। বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন কুমার দাসের। দলে জায়গা না পেলেও শুভকামনা জানাতে ভুল করেননি এই টাইগার ওপেনার। এই মুহূর্তে তিনি নিজেকে বাংলাদেশের ‘বড় সমর্থক’ এবং ‘১৬তম’ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫–এর অসাধারণ এই দলকে শুভকামনা। আমার বিশ্বাস– আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কীভাবে খেলে সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও!’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের না থাকা নিয়ে লিটন লেখেন, ‘আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি। কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে!’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ‘ষোড়শ সদস্য’ লিটন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। আজ নতুন করে মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টটির জন্য সহ-অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের স্কোয়াডে আছেন চার পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই তরুণ তারকা তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। দলের প্রায় ফিক্সড ওপেনার হিসেবে গত কয়েকদিন ধরেই একসঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। এ ছাড়া তাদের ব্যাকাপ হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন।

মিডল অর্ডারে অধিনায়ক শান্ত’র পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়রা আছেন। প্রয়োজনমাফিক ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে মিরাজকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ আছেন স্কোয়াডে।

১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। গ্রুপপর্বে টাইগারদের পরবর্তী দুই ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights