চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। পাকিস্তান এ টুর্নামেন্টের একক আয়োজক ছিল। তবে ভারত বেঁকে বসায় আইসিসি বাধ্য হয়ে যৌথ আয়োজক করল সংযুক্ত আরব আমিরাতকে। ভারতের ম্যাচগুলো হবে সেখানেই। অদ্ভুত এক সূচি ঘোষণা করেছে আইসিসি। ভারত ফাইনাল খেললে ম্যাচটি হবে দুবাইয়ে। না হলে ফাইনাল হবে লাহোরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসর ঘিরে প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। বিপিএল শেষ হতেই নিজেদের প্রস্তুত করে তুলতে নেমে পড়েছেন তারা। গতকাল থেকেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এই অনুশীলন। টানা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যাবে বাংলাদেশ। প্রথমে টাইগাররা যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্তরা। এরপর পাকিস্তান গিয়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের লড়াইয়ে ভালো করতে পারলে সেমিফাইনাল খেলার সুযোগ আসবে টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights