ছাত্রদল নেতা জিসান-আরিফ রিমান্ডে, ৪ জন কারাগারে

অনলাইন ডেস্ক

নিখোঁজের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার ছাত্রদলের দুই নেতার অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে পৃথকভাবে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুজন হলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০)।
এ ছাড়া অন্য বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান ছাত্রদলের এই ছয়জনকে আদালতে হাজির করেন। এর মধ্যে জিসান ও আরিফকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী বলেন, মামলার এজাহারে যেভাবে উল্লেখ করা হয়েছে, সেভাবেই আমরা তাদের গ্রেফতার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে দুইটি পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেন তারা।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights