ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণে আহত ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। তবে বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে।

শনিবার রাতে কলেজটির মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালীন তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে, কলেজের মূল ফটক, লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ্ পার্ক এলাকায় লাঠিসোঁটা হাতে মহড়া দিতে দেখা যায় পদবঞ্চিত নেতাকর্মীদের। এরপর কলেজের মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, কবি নজরুল কলেজের সামনে চা-পান-সিগারেট বিক্রেতা লাভলী বেগমের নাতনী আরিফা (৭) হাঁটুতে একটি ককটেল বিস্ফোরিত হয়ে আহত হয়। লাভলী বেগমকে আহাজারি করে কান্না করতে দেখা যায়। আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে স্ট্রিট ফুড খাবারের দোকানের পাশে। অন্যটি বাহদুর শাহ্ পার্ক এলাকায় বিস্ফোরণ ঘটে।

ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে পদ বঞ্চিতরা লাগাতর বিক্ষোভ করে আসছে। একইসাথে বিক্ষোভ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এর ফলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ছাত্রদলের কমিটি কলেজের বাইরের বিষয় নিয়ে কলেজে বিক্ষোভ করার কিছু নেই। আগামীকাল কলেজে এসে আমরা বিষয়গুলো দেখব।

উল্লেখ, ২৩ ডিসেম্বর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষণা করার পরপরই আন্দোলন করে আসছে ছাত্রদলের পদবঞ্চিতরা।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights