ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনে সিসিটিভি বসাচ্ছে রসিক
নিজস্ব প্রতিবেদক,রংপুর
নারী শিক্ষার্থীদের নিরাপদে চলাচল এবং যৌন হয়রানি প্রতিরোধে নগরীর প্রতিটি বিদ্যালয়ের সামনের সড়ককে সিসিটিভি’র আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন। ইতোমধ্যে নগরীর শতকরা ৬০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
দ্রুত নগরীর সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপন করা হবে। এতে করে সেই সাথে কমবে অপরাধ প্রবণতা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে আরডিআরএস হলরুমে ‘লিঙ্গ ভিত্তিক গতানুগতি ধারণা ও বৈষম্য দূরীকরণ’ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন এ তথ্য জানান।
তিনি বলেন, ভয়কে দূর করে নিজের উন্নয়নে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজের যেসব বাঁধা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলায় কাজ করতে হবে। জেন্ডার ইস্যুসহ সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।
রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেদারল্যান্ড অ্যাম্বাসির কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায় প্রমুখ। সমতায় তারুণ প্রকল্পের এ সভায় নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের মাঝে সমতা প্রতিষ্ঠাসহ নারীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কথা বলেন বক্তারা।
