ছায়াপথের মনোমুগ্ধকর ছবি শেয়ার করলেন নভোচারী
অনলাইন ডেস্ক
নিচে মঙ্গোলিয়ার বুকে মিটিমিটি জ্বলছে শহরের আলো। আর ঠিক তার ওপর দিয়েই উঁকি দিচ্ছে উজ্জ্বল ছায়াপথ বা মিল্কি ওয়ে। মহাকাশযানের ডিম্বাকৃতি জানালা দিয়ে রাতের এমনই এক অপূর্ব দৃশ্য ফ্রেমবন্দি করেছেন নভোচারী ডন পেটিট।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ৭২তম অভিযানের সময় তিনি এই চমৎকার ছবিটি তোলেন। স্পেসএক্স ড্রাগন মহাকাশযানের জানালা দিয়ে রাতের এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়। ছবিতে মঙ্গোলিয়ার সীমিত আলোর সঙ্গে রাতের অন্ধকারের এক অসাধারণ বৈপরীত্য ফুটে উঠেছে।
সামাজিক মাধ্যম এক্সে ডন পেটিট নিজেই ছবিটি শেয়ার করেছেন। সেখানে তিনি ছবিটি তোলার যন্ত্রপাতির বিস্তারিত তথ্যও দিয়েছেন। তিনি জানান, ছবিটি তুলতে তিনি নিকন জেড৯ ক্যামেরা এবং টি১.৮-এর একটি অ্যারি জেইস ১৫এমএম লেন্স ব্যবহার করেছেন। সঙ্গে ছিল একটি কাস্টম অরবিটাল ট্র্যাকার।
মহাকাশ থেকে তোলা এমন মোহনীয় দৃশ্য দেখে রীতিমতো মুগ্ধ সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ডন, বরাবরের মতোই অসাধারণ! এমন ছবি আরও দেখতে চাই।’
আরেকজন বেশ মজা করেই লেখেন, ‘আমারও ঠিক এমন একটা জানালা দরকার।’ অপর একজন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এই সুন্দর ছবিটি আমাকে যেকোনো কল্পবিজ্ঞান সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চিত করেছে।’
