ছিনতাইয়ের অভিযোগে আরও তিন শিক্ষার্থীকে ঢাবি থেকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ‘কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’- এ মর্মে কারণ দর্শানো ও সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফজলে নাভীদ অনন (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২) ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে’ তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে, ৫ ফেব্রুয়ারি রাতে বুয়েটে একটি কাভার্ডভ্যানে চাঁদাবাজির সময় আটক হন এ তিন শিক্ষার্থী। পরে ছিনতাইয়ের শিকার ব্যক্তি শাহবাগ থানায় মামলা করলে তাদের আদালতে প্রেরণ করা হয়। তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। ছাত্রলীগ থেকেও ইতিমধ্যে তাদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অভিযোগে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights