জনমত জরিপ: ট্রাম্পের শক্ত ঘাঁটিতে এগিয়ে গেলেন কমলা

অনলাইন ডেস্ক

এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আইওয়া অঙ্গরাজ্যে ব্যাপক সাফল্য পেলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। নতুন এক জনমত জরিপে সেখানে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা।

অথচ এই আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ট্রাম্প।

আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চূড়ান্ত ভোটের বাকি আর মাত্র দু’দিন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বব্যাপী বহুল আলোচিত এই ভোট। শেষ সময়ে আইওয়ায় জনমত জরিপে এগিয়ে যাওয়া ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলার জন্য নিশ্চিতভাবে দারুণ এক সুখবর। কমলার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা ভূমিকা রেখেছেন বলে দাবি করা হচ্ছে।

গত ২৮ থেকে ৩১ অক্টোবর এই জরিপ পরিচালিত হয়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা পেয়েছেন ৪৭ শতাংশ সমর্থন। আর ট্রাম্প পেয়েছেন ৪৪ শতাংশ।

এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

জরিপ পরিচালনাকারী পত্রিকা দ্য রেজিস্টার বলেছে, জনমত জরিপে দেখা গেছে- নারীরা, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে।

ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights