জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও বিবিএ ভবনের বিল্ডিং এ এসব পোস্টার দেখা যায়।

পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়-এর ছবির পাশাপাশি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর ছবিও ব্যবহার করা হয়েছে।

পোস্টারগুলোতে “শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে” — এমন স্লোগান লেখা ছিল।

জানা যায়, এ পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়া সার্বিক সহযোগিতা করেন শাখা ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম।

এ বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, “রাজনীতি করার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়। মতভেদ থাকতে পারে, কিন্তু শিক্ষা সবার মৌলিক অধিকার। ক্যাম্পাসে সহাবস্থান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের বঞ্চিত করা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। শিক্ষা প্রতিষ্ঠানে ভয় নয়, জ্ঞান ও যুক্তির চর্চা হোক। প্রতিটি শিক্ষার্থী নিরাপদে পড়াশোনা করার সুযোগ পাক। একজন শিক্ষার্থী আগে শিক্ষার্থী, পরে রাজনৈতিক কর্মী। তাই শিক্ষার অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আমি ঘটনাটি জানার চেষ্টা করছি। যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেও কেউ প্রবেশ করতে পারে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বোঝা যাবে কারা ক্যাম্পাসে এসে এ কার্যক্রম চালিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights