জবি ছাত্রলীগের বিরুদ্ধে জবি শিক্ষার্থীকে মারধোরের অভিযোগ
জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিক্যাল সেন্টারে চিকিৎসাসেবা নেওয়ার সময় এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শাখা ছাত্রলীগের নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ করেছে ছাত্রলীগ। এ নিয়ে দুপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম সৌরভ দাশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।অন্যদিকে সৌরভ দাশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছেন ছাত্রলীগের নারী কর্মী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিরা মাহমুদ মিথী।
সৌরভ দাশ তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা হলেন অর্থনীতি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ রানা, ছাত্রলীগ কর্মী সৈকত, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মিনুন মাহফুজ, ছাত্রলীগ নেতা মিরাজ হোসাইন, সজীব, সামিরা মাহমুদ মিথি, রিসাত আরা। তারা সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী।’
ঘটনা জানতে চাইলে আহত শিক্ষার্থী সৌরভ দাশ বলেন, আমি মেডিক্যাল সেন্টারে প্রেসার মাপতে গিয়েছিলাম। কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রিসাত আরা নামের এক শিক্ষার্থী আমাকে চেয়ার থেকে উঠতে বলেন। আমি তাকে আমার চিকিৎসা শেষ করার পর চেয়ারে বসতে বলি। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমার ওপর চড়াও হন। কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই আপু আমাকে বাহিরে ডেকে নিয়ে যান। এরপর তিনি খবর দিলে ইকবাল মাহমুদ রানা, সৈকত, মিনুন মাহফুজ, মিরাজ হোসাইন, সজীব বুদ্ধসহ আরও বেশ কয়েকজন এসে আমাকে কয়েক দফা মারধর করেন।
সামিরা মাহমুদ মিথী তার অভিযোগপত্রে বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় ১৪ ব্যাচের দর্শন বিভাগের রিসাত আরাকে নিয়ে আমাদের মেডিক্যাল সেন্টারে যাই। ১৬তম ব্যাচের রসায়ন বিভাগের সৌরভ নামের এক ছেলে আমাদের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে। তাপর অকথ্য ভাষায় গলাগালি ও যৌন হয়রানিমূলক ইঙ্গিত দেয় এবং আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।’
তবে এ বিষয়ে কথা বলতে সামিরা মাহমুদ মিথির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সোমবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে সেবা নিতে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সামিরা মাহমুদ মিথী ও রিসাত আরার সঙ্গে সৌরভ দাশের কথা-কাটাকাটির হয়। দুজনের বাগবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন এসে সৌরভকে টেনেহিঁচড়ে সেন্টারের বাইরে নিয়ে মারধর করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সঙ্গে কথা বলতে তার মোবাইল নম্বরে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীকে কল দেওয়া হলেও নম্বর ব্যস্ত পাওয়া যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সৌরভ দাশ নামের ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় পেয়েছি। মেডিক্যাল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আমরা দুপক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
