জবিকে গুচ্ছে থাকার নির্দেশনা ইউজিসির
সোহাগ ঘোষ, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়।
আজ সোমবার ইউজিসির সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক বৈঠকে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানায় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য ইমদাদুল হক বলেন, আজ ইউজিসিতে একটি বৈঠক হয়েছে। সেখানে তাঁরা এবছর আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। যেহেতু আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি এক পরীক্ষার মাধ্যমে হবে তখন সবাইকে একসঙ্গেই আসতে হবে। এখন আমরা আমাদের সিন্ডিকেট সভায় এ বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নিব যেহেতু সরকার-ইউজিসি থেকে গুচ্ছে থাকার নির্দেশনা রয়েছে এবার।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই ইউজিসির সাথে সভায় নির্দেশনা দেয়া হয়েছে নাকি অনুরোধ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে আমাদের সিদ্ধান্ত নেয়া আছে যে আমরা গুচ্ছে থাকবোনা, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করবো। শিক্ষক সমিতিতেও এই সিদ্ধান্ত নেয়া আছে। এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হলে আমরা উপস্থাপন করবো, শিক্ষকরা মতামত দিবেন। সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে গত ১৬ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছে।
