জবিতে প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিরাত সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিজ্ঞান অনুষদের মাঠে এ সম্মেলন হয়।

সিরাত সম্মেলনে ইসলামিক স্টাডিজ বিভাগ চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীনের সভাপতিত্বে সীরাত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সীরাত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাতে রাসুল পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ বলেন, বর্তমানে গোটা পৃথিবীতে যে অস্থিরতা বিরাজমান করছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য মুহাম্মদ (স.) এর জীবন দর্শনের বিকল্প নেই। মুহাম্মদ (স.) কে যতবেশি পাঠ করা যাবে ততবেশি আমাদের জীবন আলোকিত হবে, স্বার্থক হবে, ততবেশি একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, মুহাম্মদ (স.) পৃথিবীতে মানব ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে এসে সে সময়কার মক্কার সবচেয়ে বর্বর জাতিকে, সে সমাজকে সবচেয়ে সুন্দর জাতি ও সমাজে পরিণত করেছেন। একটি রাষ্ট্রকে আমুল সংস্কার করতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয় অথচ মুহাম্মদ (স.) শত সহস্র বাধা পেরিয়ে তিনি তাঁর মিশনে সর্বোচ্চ সফল হয়েছেন। অন্তত কৌতুহলী দৃষ্টিভঙ্গি থেকে হলেও মুসলমানদেরতো বটে অন্য ধর্মাবলম্বিদেরও রাসূলের সীরাত একবার হলেও পাঠ করা উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, আজকের সীরাত সম্মেলনের মূল উদ্দেশ্য স্বার্থক হবে যদি আমরা রাসূল (স.) এর জীবন আদর্শ অনুযায়ী আমাদের নিজেদের জীবন দর্শন পরিচালিত করতে পারি।

এছাড়াও রাসূল (স.) এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শিক জীবন চরিত্র নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তফা মনজুর, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক শায়খ প্রফেসর মোখতার আহমাদ, মিরপুরের মাসজিদুল জুম’আ কমপ্লেক্সের খতিব শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, বাহাদুর শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ্ উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights