জবির মূল ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ পোস্টার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ পোস্টার লাগালো সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন স্থানেও এ পোস্টার লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে এ পোস্টার লাগানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নূর নবী।

সমন্বয়ক নূর নবী বলেন, পোস্টার লাগানোর ব্যাপারে অবগত আছি। ইতোমধ্যে ক্যাম্পাসে সকল রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিগত ১৫ থেকে ১৬ বছর শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের যে বর্বরোচিত হামলার ইতিহাস রয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়। তারা জোরপূর্বক বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদের নিয়ে যেত এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হত। কোটা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা করে।
‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পোস্টারে শুধু ছাত্রলীগের প্রবেশ নিষেধ কথা উল্লেখ করা হয়েছে তাহলে কি ছাত্রদল ঢুকতে পারবে? এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্যাম্পাসে সব দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ, ক্যাম্পাসে ঢুকতে হলে সাধারণ শিক্ষার্থী হয়ে ঢুকতে হবে। যে কেউ ব্যক্তিগতভাবে ক্যাম্পাসের বাইরে যেকোনো দলের রাজনীতি করতেই পারে কিন্তু ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। শুধু ছাত্রলীগের ব্যাপারটা ভিন্ন।’

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদলের সহায়তায় ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায় এক বিভাগ ছাত্রলীগের সভাপতিকে। তাদেরকে চিনতে পেরে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা।

এর আগে গত ১৭ জুলাইও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ভিত্তিক রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী) নিষিদ্ধ করে মৌখিক আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights