জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: ড. মোশাররফ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা নিজেই তার দলকে হত্যা করেছে। মাঠে এখন আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয়, তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

Advertisement

সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, এ দেশের জনগণের সবচাইতে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগ এই দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। সে কারণে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার দাবিতে এই সমাবেশের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ছাত্রজনতা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, যেন এই সরকার জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে পারে। আর জনগণের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। তাই জনগণের প্রত্যাশা যত দ্রুত সম্ভব, এ দেশের মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করা।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আমরা এখনো ক্ষমতায় বসিনি, কিন্তু অনেকেই মনে করে আমরা বুঝি ক্ষমতায় বসে গেছি। আওয়ামী লীগ সরকার যা যা অপকর্ম করেছে, আমাদের অনেকে আছেন যারা এমন অপকর্ম করতে চান। এই ধরনের কাজ করা যাবে না। সবাইকে অনুরোধ করছি, যাতে দেশের মানুষ বলতে না পারে আওয়ামী লীগ সরকার যা করেছে, আপনারাও তাই করছেন।

মুন্সিগঞ্জের মানুষকে উদ্দেশ্য করে ড. মোশাররফ হোসেন বলেন, মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি। মুন্সিগঞ্জের মানুষ প্রমাণ করেছে, সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান সিনহা বলেন, আমি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে জোর দিয়ে বলতে চাই, মুন্সিগঞ্জের তিনটি সংসদীয় আসন রয়েছে। আগামী সংসদ নির্বাচনে তিনটি আসনই ধানের শীষকে জয়যুক্ত করে উপহার দেব।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আবদুল্লাহ, শহিদুল ইসলাম মৃধা, আবদুল বাতেন, সৈয়দ সিদ্দিক উল্লাহ, আমিরুল হোসেনসহ যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights