জাতীয় ফুপু হয়ে গেলাম : দীপা

শোবিজ প্রতিবেদক
অভিনয় জগতে দীপা খন্দকারের পথচলা আড়াই দশকের বেশি সময়ের। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। এই সময়ে কখনো মা, কখনো ফুপু, আবার কখনো স্ত্রীর চরিত্রে অভিনয় করে তিনি দারুণভাবে প্রশংসিত হচ্ছেন। বর্তমানে চ্যানেল আইতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘ফাতেমা ফুপু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন দীপা। অভিনয় নিয়ে তিনি তাঁর প্রতিক্রিয়া তুলে ধরেছেন বাংলাদেশ প্রতিদিন-এর কাছে-

দারুণভাবে উপভোগ করছি

এটা আমাদেরই গল্প ধারাবাহিকে অভিনয় দারুণভাবে উপভোগ করছি। আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে, কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। না এটা আসলে ভালো লাগার প্রতিফলন।

এই কৃতিত্ব রাজ ও দর্শকের

ধারাবাহিকটি যে এত বড় আকারে মানুষের হৃদয়ে নাড়া দেবে সেটি আসলে আমরা বুঝতে পারিনি। এর জন্য রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। একই সঙ্গে দর্শকের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাদের সাদরে গ্রহণ করেছেন।

জাতীয় ফুপু হয়ে গেলাম

সামাজিক মাধ্যমে আমি এই চরিত্রের জন্য ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছি। মানে জাতীয় ফুফু হয়ে গেলাম। দর্শকের এমন প্রতিক্রিয়ায় ভালো লাগাটা আসলেই অসাধারণ। এতে আমার অভিনীত ফুপু চরিত্রটি বাস্তব জীবনের এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে।

অভিনয়ে ভিন্নতা আনতে চাই

আমার কাছে মনে হয়, পারফেক্ট চরিত্র করতে পারছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, বয়সের সঙ্গে মিলিয়ে, পারফেক্ট চরিত্র করতে পারছি। কোনো নাটকে ২০ বছরের সন্তানের মা হচ্ছি, আবার অন্য নাটকে ফুফুর চরিত্র করছি। এখন দর্শকের চাওয়া ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। যত রকম ব্যতিক্রমী চরিত্র আছে তা করতে চাই। ভিন্নতা আনতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights