জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’

অনলাইন ডেস্ক
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া এবং ভূমিধসের ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) সতর্ক করে বলেছে, টাইফুন ‘দুজুয়ান’ দিনের মধ্যে টোকিও মহানগরীর কাছাকাছি অতিক্রম করতে পারে, ফলে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে। ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত উপকূলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোথাও কোথাও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, টাইফুনটি কান্তো অঞ্চলের দিকে এগোতে থাকায় সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে। এই অঞ্চলের মধ্যে টোকিও এবং আশপাশের প্রিফেকচারগুলো অন্তর্ভুক্ত।

মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত এশিয়ান গেমসে টাইফুনের কারণে অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, কান্তো ও মধ্য জাপানে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে, যা হঠাৎ বন্যা ও অন্যান্য বৃষ্টিজনিত দুর্যোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে, কারণ এগুলো স্বল্প এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি ঝরাতে পারে।

বিশ্বজুড়ে চলতি বছরে চরম আবহাওয়ার প্রেক্ষাপটে এই টাইফুন আঘাত হানছে। পূর্ব এশিয়া থেকে উত্তর আমেরিকা ও ইউরোপ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক ভারী বৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের ঘটনা বেড়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights