জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৪ জানুয়ারি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে, ১৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
এবার জাবিতে গত বছরের মতো সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির জন্য ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের জন্য ‘বি’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট নিয়ে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদের জন্য ‘ডি’ ইউনিট, বিজনেস স্টাডিস অনুষদ নিয়ে ‘ই’ ইউনিটে পরীক্ষা হবে। আর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঙ্গে চারুকলা বিভাগ নিয়ে আলাদা ইউনিটে (সি১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এগুলোর মধ্যে এ, বি, সি ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা, সি১ ও আইবিএ-জেইউ ইউনিটের জন্য ৬০০ টাকা এবং ই ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সৈয়দ আলী রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights