জামালপুরে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
জামালপুর প্রতিনিধি
জামালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- শেরপুর জেলার শ্রীবর্দ্দী উপজেলার সাতনি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান সাকিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে আসামি মাহমুদুল হাসান সাকিল ওই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন। পরে শেরপুরের শ্রীবরদী থানা এলাকায় একটি বাড়িতে নিয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ধর্ষণ করেন। পরের দিন আসামি ওই স্কুলছাত্রীকে অন্যত্র একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখেন এবং প্রতিনিয়ত ধর্ষণ করেন। পরে মেয়েটির বাবা অনেক খোঁজাখুঁজির পর মেয়েটিকে উদ্ধার করেন এবং ২০ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।
