জামিন পেলেও দেশে ফিরতে পারছেন না অন্তঃসত্ত্বা সোনালীসহ ৬ ভারতীয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের আদালতে জামিন মিললেও দেশে ফিরতে পারছেন না অন্তঃসত্ত্বা সোনালী বিবিসহ ছয় ভারতীয় নাগরিক। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশেই থাকতে হবে। আপাতত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার জিম্মাদার ফারুক হোসেনের বাড়িতে অবস্থান করতে হবে তাদের। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন আদালত।

বুধবার আদালতে হাজিরা শেষে বিষয়টি নিশ্চিত করেন তাদের আইনজীবী একরামুল হক পিন্টু।

ভারতীয় নাগরিকরা হলেন—পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালী বিবি (২৬), সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান কুরবান দেওয়ান (১৬) এবং ইমাম দেওয়ান (৬), আর সোনালী বিবির ছেলে সাব্বির শেখ (৮)।

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) মো. আশরাফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। সেদিন রাতেই তারা কারাগার থেকে বেরিয়ে আত্মীয়ের বাড়িতে উঠলে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ আবার তাঁদের হেফাজতে নেয়। পরে গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে তাদের জিম্মাদার ফারুক হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

আইনজীবী একরামুল হক পিন্টু বলেন, সোনালী বিবি যেকোনো সময় সন্তান জন্ম দিতে পারেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ও বাকি পাঁচজনকে জামিন দেওয়া হয়েছে। তবে মামলা শেষ না হওয়া পর্যন্ত তারা ভারতে ফিরতে পারবেন না।

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে ছয় ভারতীয়কে আটক করে পুলিশ। অভিযোগ রয়েছে, বিএসএফ তাদের বাংলাদেশি দাবি করে কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে পুশ–ইন করে। পরে তারা দুই মাস দেশের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে চাঁপাইনবাবগঞ্জের এক বাড়িতে আশ্রয় নেন।

২০ আগস্ট তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে দলে থাকা দুজন কোলের শিশুকে মামলার আসামি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights