জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপনে মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

সোমবার রাতে তিনি এ ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই স্মরণীয় জয় উদযাপনের সুযোগ করে দিতেই বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা ছিল। এরপর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে বিদায় করে বড় চমক দেখিয়েছে। তাই এই সাফল্যকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার ক্ষমতা রয়েছে। সেই আইনি ক্ষমতা ব্যবহার করেই এই বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights