জার্মানিতে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো ও ইইউয়ের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ বিষয়ে ইউরোপীয় কমিশন ও ন্যাটোর শীর্ষ নেতারা সতর্ক করে বলেন, রাশিয়া দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রাশিয়াকে কঠোর ও সমন্বিত জবাব দেওয়া হবে।
লাইপজিগ বিমানবন্দরে হামলা ইইউর মাটিতে রাশিয়ার সরাসরি মদদে পরিচালিত নতুন এক উসকানি হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের সামরিক মানের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করবে না।
আয়ারল্যান্ডের উইকলোতে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে বাস্তবায়ন এবং রুশ যুদ্ধফেরত ব্যক্তিদের পাশাপাশি পর্যটকদের ওপরও কঠোর ভিসা নিষেধাজ্ঞা আরোপের জোরালো পরামর্শ দিয়েছেন ইইউর বৈদেশিক নীতি প্রধান কাজা কাল্লাস।
এছাড়া সুইডেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও স্পেনের মতো দেশগুলো ইউক্রেনের সহায়তায় প্রায় ১৯৩ বিলিয়ন ইউরোর জমে থাকা রুশ সম্পদ জব্দের মাধ্যমে ব্যবহারের দাবি তুলেছে। তবে আইনি জটিলতা ও আর্থিক দায়ভারের আশঙ্কায় এখনো এ বিষয়ে সতর্কতা বজায় রেখেছে বেলজিয়াম।
এদিকে, মিত্র দেশ জার্মানির পাশে পুরো ন্যাটো জোট পূর্ণ সংহতি প্রকাশ করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে রাশিয়ার এমন হাইব্রিড হামলা আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার সঙ্গে ন্যাটোর মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।
এর আগে জার্মানি জানায়, গত মাসের শুরুতে লাইপজিগ বিমানবন্দরে ইউক্রেনের একটি কার্গো বিমানকে লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়। পুলিশি তদন্ত ও গোয়েন্দা তথ্যে এ হামলায় রাশিয়া জড়িত বলে দাবি করে বার্লিন।
এই ঘটনার প্রেক্ষাপটে কঠোর পদক্ষেপ হিসেবে বনের রুশ কনসুলেট এবং ক্রেমলিনের প্রোপাগান্ডা আউটলেট হিসেবে পরিচিত রাশিয়ান হাউজ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। পাশাপাশি, সন্দেহভাজন দুই ব্যক্তির পরিচয়ও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রুশ পাসপোর্টধারী এক বেলারুশিয়ান এবং লাটভীয়-রুশ পাসপোর্টের আরেক ব্যক্তি রয়েছেন।
তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। জার্মান চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করার পাশাপাশি কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।
বার্লিনের এই সিদ্ধান্তকে জার্মান জনগণের স্বার্থের পরিপন্থী এক গুরুতর ভুল বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া, জার্মানির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি মস্কোর উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। তবে আপাতত কূটনীতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
সূত্র : বিবিসি
