জার্মানির গোল কেন বাতিল, ব্যাখ্যা দিল ফিফা

অনলাইন ডেস্ক

জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের ম্যাচে অতিরিক্ত সময়ে বাতিল হওয়া গোলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বলছে, গোলরক্ষকের চলার পথে ইচ্ছাকৃতভাবে বাধা দিলে সেটি ফাউল হিসেবে গণ্য হবে। এ বিষয়টি বিশ্বকাপ শুরুর আগেই সব দলকে জানিয়ে দেওয়া হয়েছিল।

শেষ ৩২ এ প্যারাগুয়ের বিপক্ষে জোনাথান তাহের করা গোলটি প্রথমে বৈধ ঘোষণা করা হলেও পরে ভিডিও সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্ত বদলান রেফারি। দেখা যায়, কর্নার থেকে বল আসার সময় জার্মানির ভালদেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের চলার পথে বাধা দেন। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

ম্যাচটি ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।

ম্যাচ শেষে জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা কোনো ফাউলই ছিল না। গোল বাতিলের সিদ্ধান্তটা হাস্যকর।”

তবে ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, কোনো আক্রমণভাগের খেলোয়াড় যদি বল খেলার চেষ্টা না করে শুধু প্রতিপক্ষের চলার পথ আটকে দেন, বিশেষ করে গোলরক্ষককে বাধা দেন, তাহলে সেটি ফাউল হিসেবে বিবেচিত হবে।

কলিনার ভাষায়, “খেলোয়াড় ও কোচদের আগেই জানানো হয়েছিল যে, এমন ঘটনা ঘটলে রেফারিরা শাস্তিমূলক সিদ্ধান্ত নেবেন। তাই এতে অবাক হওয়ার কিছু নেই।”

ফিফা আরও জানায়, গোলরক্ষকের স্বাভাবিকভাবে বল রক্ষার সুযোগ নষ্ট করার মতো ঘটনা হলে ভিডিও সহকারী রেফারিও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে হস্তক্ষেপ করবেন।

জার্মানির বিদায়ের পর শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights