‘জাল ভোট দেয়ার চেষ্টা করলে ছাড় দেবে না নির্বাচন কমিশন’
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোন ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করলে ছাড় দেবে না নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে বড় ধরনের ঘটনা ঘটলে কেন্দ্র বন্ধ করে দিতে পারবে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তারা। এছাড়াও এক জনের ভোট অন্য জন দিতে গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিছু দুষ্টু লোক আছে যারা কেন্দ্রে ঢুকে ভোট কারচুপির চেষ্টা করবে। এরকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে।
বুধবার বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে রেজাল্ট সিটে সকল প্রার্থীদের স্বাক্ষর নেয়া বাধ্যতামূলক। এ কাজে কেউ গাফলতি করলে নির্বাচন কমিশন মেনে নেবে না। এছাড়াও আমাদের স্মার্ট ইলেকশন অ্যাপস রয়েছে। যেখানে প্রতি দুই ঘণ্টা পর পর কোন কেন্দ্রে কতটি ভোট পড়েছে তা আপলোড দিতে হবে। এই কাজে কোন রকম কালক্ষেপণ করা যাবে না। নির্বাচনে প্রশাসন থেকে শুরু করে সবাই নিরপেক্ষ হয়ে কাজ করবে। আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ।
এর আগে বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
