জাহাজভাঙা ইয়ার্ডে আবারও শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর রেশ না কাটতেই বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (৪৫) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৬ আগষ্ট ইয়ার্ডে কাজ করার সময় তিনি আহত হয়েছিলেন। নিহত আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় গত ১৬ আগস্ট ভারি লোহার আঘাতে গুরত্বর আহত হন আলাউদ্দিন। পরে তাকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। কিন্তু গত এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে রবিবার সকালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মাহিনুল ইসলাম বলেন, ‘বারাকার ইয়ার্ডে কাজ করার সময় আহত আলাউদ্দিন এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে তার মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights