জিসিসি’র বিরুদ্ধে ইরানের অভিযোগ ‘ভিত্তিহীন’ : জিসিসি মহাসচিব
অনলাইন ডেস্ক
জিসিসি’র সদস্যভুক্ত ছয়টি দেশই সামরিক অভিযানের জন্য দায়ী-ইরানের এমন দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউয়ি।
রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জিসিসি সদস্য রাষ্ট্রগুলোর ওপর ইরানের ‘অব্যাহত নগ্ন এবং বিশ্বাসঘাতকতামূলক হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন জিসিসি মহাসচিব আলবুদাইউয়ি। দেশগুলোর অবকাঠামো এবং তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো উদ্দেশ্যপ্রণোদিত হামলাগুলোও অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন তিনি।
জিসিসি মহাসচিবের বক্তব্য এমন সময় এলো যখন ইরান এবং উপসাগরীয় দেশগুলো-সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ওমানের মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান ফাটল ও উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য-ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
যুদ্ধের শুরু থেকেই তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে, যদিও তাদের দাবি-তারা কেবল সেখানে থাকা মার্কিন স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু করছে।
ইরানের অভিযোগ, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডকে মার্কিন হামলার ‘লঞ্চপ্যাড’ বা ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।
সূত্র : আল-জাজিরা।
