জীবননগরে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার আইনে তিনটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

সজল আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে জীবননগর শহরের হাসপাতাল এলাকার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাসহ নানা অনিয়ম প্রমাণিত হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অন্য ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও অন্যান্য মেডিসিন পাওয়া যায়। ল্যাবের ফ্রিজে কাঁচা মাংস রাখা, বিভিন্ন টেস্টের জন্য নির্ধারিত টেকনিশিয়ান ব্যতীত টেস্ট করার প্রমাণও মেলে। ওই প্রতিষ্ঠানের মালিক নুরুল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৫ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিক রোকনুজ্জামান তাছিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে উক্ত প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights