জীবনের সব থেকে বড় ‘যুদ্ধ’ কী? খোলাসা করলেন জাহ্নবী

অনলাইন ডেস্ক

জাহ্নবী কাপুর, বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয়। অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের ছাপ রাখতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, হিন্দি ছবিতে মেয়ের অভিষেক দেখে যেতে পারেননি অভিনেত্রীর মা শ্রীদেবী।

২০১৮ সালে জুমাই মাসে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। কিন্তু তার আগেই মারা যান শ্রীদেবী। ওই বছরেই ফেব্রুয়ারি মাসে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ‘চাঁদনী’ খ্যাত অভিনেত্রী।

এই মুহূর্তে ‘বাওয়াল’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন জাহ্নবী। সিনেমার প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে মাকে স্মরণ করেছেন অভিনেত্রী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। জাহ্নবীর মতে, মাকে হারানো তার জীবনের সব থেকে বড় যুদ্ধ হারার সমান।

অভিনেত্রী বলেন, “আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ ছিল মা। ‘ধড়ক’-এর শুটিং এবং মায়ের চলে যাওয়ার সঙ্গে লড়াই করা সহজ ছিল না।”

এই পর্বকেই তার জীবনের সব থেকে কঠিন সময় হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, “ব্যক্তিগত জীবনের ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মনোবল তৈরি করাটাই সবথেকে কঠিন ছিল। সমাধান খুঁজে বের করাটাই আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ ছিল।”

চলতি বছরে শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে নিজের শৈশবে তোলা একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন, “এখনও তোমাকে খুঁজে বেড়াই মা। এখনও সেটাই করি যা তোমাকে গর্বিত করবে। যেখানেই যাই, যা করি সব কিছুই তোমাকে দিয়ে শুরু এবং শেষ হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights