জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

অনলাইন ডেস্ক

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি অর্জন করেছে-যা শতভাগ সাফল্যের বিরল দৃষ্টান্ত। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এটাই সেরা সাফল্য। অন্যান্য বোর্ডেও এক প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এত সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনও পাওয়া যায়নি।’

প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

চিরিরবন্দর উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও বৃত্তিতে সাফল্য অর্জন করেছে। এর মধ্যে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারণ গ্রেডে বৃত্তি।

এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পায়। এসব শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ডভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এ বৃত্তি দেওয়া হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights