জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ শুরু ১৮ এপ্রিল

ক্রীড়া প্রতিবেদক

দেশের বক্সিং জগতে আগেই নতুন মাত্রা যোগ করেছে ‘জুলকান ইনডোর অ্যারেনা’। বক্সিং, কিকবক্সিং এবং মুয়ে থাইয়ের মতো এলিট কমব্যাট স্পোর্টস তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় করে তুলেছে তারা। বিশেষ করে যখন জুলকানের প্রধান কোচ হিসেবে যুক্ত হন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি বক্সার অরবিন্দ লালওয়ানি। উদ্বোধনের পর থেকে বেশ কিছু বক্সিং, কিকবক্সিং ও মুয়ে থাই বিষয়ক ফ্রি কমব্যাট প্রশিক্ষণ কর্মশালা করিয়েছেন তিনি। এর ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হবে ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ : দ্য টেকওভার’। যা দেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে এক নতুন যুগের সূচনা করবে। আগামী ১৭ এপ্রিল প্রথমবারের মতো শুরু হবে এ চ্যাম্পিয়নশিপ। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হবে এক মাইলফলক। ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হবে এ ফাইটিং চ্যাম্পিয়নশিপ। দেশের একমাত্র খেলাধুলা বিষয়ক টিভি চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে স্থানীয় ও আন্তর্জাতিক ফাইটারদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট। আসরটি বিশ্বব্যাপী সম্প্রচার করবে থ্রিলার টিভি। মূলত বাংলাদেশে এই প্রথম একটি মাত্র কার্ডে ওয়ার্ল্ড মুয়ে থাই অর্গানাইজেশন (ডব্লিউএমও)-এর চারটি মর্যাদাপূর্ণ মুয়ে থাই বিশ্ব শিরোপা নির্ধারিত হবে। এর পাশাপাশি ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এশিয়া (ডব্লিউবিসি এশিয়া)-এর একটি টাইটেলও লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে। থাকছে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেডএফসি-১) টাইটেল, যা এ আয়োজনকে বাংলাদেশের কমব্যাট স্পোর্টস ইতিহাসে অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে উপস্থাপন করবে। মুয়ে থাই বিশ্ব চ্যাম্পিয়নশিপ দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপক জনপ্রিয়। এ খেলাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এ দেশের তরুণ-তরুণীরাও খেলাটিতে নিজেদের সম্পৃক্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights