জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে : ববি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, দীর্ঘ সময় পর অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখতে ঐক্য, ধৈর্য ও সহনশীলতার কোনো বিকল্প নেই।

উপাচার্য বলেন, ‘জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। তবে তা কোনো প্রতিশোধের মনোভাব থেকে নয়, বরং তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা হবে, যাতে কেউ অবিচারের শিকার না হন।’

তিনি আরও বলেন, ‘আমরা যেন বিভেদ বা ভুল বোঝাবুঝিতে না জড়াই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখলে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব। আসুন, আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ ও আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাই।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল।

আলোচনা সভায় জুলাই যোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণ করেন মার্কেটিং বিভাগের মাসুদ রানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌসিফ আলম খান, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মুনহাসীম মুহাম্মদ শাহীর খান এবং রবিউল খান।

এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মধ্যে ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিব, বাংলাদেশ ছাত্রশক্তির সভাপতি বেলাল হোসেন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের এডিসন বৌদ্ধ বক্তব্য দেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights