জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের নয়: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো দলের নয়। এটি এ দেশের সাধারণ মানুষের রক্ত ও আত্মত্যাগের ফসল। আমরা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং এর প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছি।’

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার রয়েছে। এ আন্দোলনে আমাদের সবচেয়ে বেশি ত্যাগ হয়েছে। অথচ এখন কেউ কেউ শেষ মুহূর্তে এসে আন্দোলনকে নিজেদের স্বার্থে কুক্ষিগত ও রাজনৈতিক পুঁজি করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতা ও চেতনার ব্যবসা করে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা সবার জানা। তারা শুধু ক্ষমতাচ্যুতই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

আন্দোলনে নেতৃত্বদানকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ বা বিভেদ নেই। আমরা তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।’

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীর শহীদ বেদীতে জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights