জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি ছাত্রশিবিরের
নিজস্ব প্রতিবেদক, খুলনা
জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে খুলনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে নগরীর ডাকবাংলো মোড়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বলা হয়, অভ্যুত্থানের তিনমাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। এখনো তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। জুলাই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান সকল ধর্ম ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারে দোসর ও দিল্লি ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে।
ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় কার্যকরী পরিষদের সদস্য ও মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক মো. আমিরুল ইসলাম, আজিজুল ইসলাম ফারাজী, মোশাররফ হোসেন আনসারী, বেলাল হোসাইন রিয়াদ। সমাবেশ শেষে বিশাল মিছিল নগরীর ডাকবাংলা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি গিয়ে শেষ হয়।
