জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে চাঁদপুরে বিএনপির মিছিল
চাঁদপুর প্রতিনিধি
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
মিছিলে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার কড়া প্রতিবাদ জানান নেতারা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এর আগে, আজ শুক্রবার বেলা আড়াইটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।
