জেল থেকে জ্যাকুলিনকে প্রেমপত্র, কী লিখেছেন সুকেশ?

প্রায় ২০০ কোটি রুপির আর্থিক তছরুপে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যার জেরে কম ঝঞ্ঝাট পোহাতে হয়নি তাকে। প্রতারণাকাণ্ডের তদন্তের জেরে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজকে।

এই মুহূর্তে দিল্লি মাণ্ডোলি জেলে বন্দি সুকেশ। কিন্তু মন পড়ে রয়েছে প্রেয়সীর কাছে। মাঝে মধ্যেই জেলে বসে জ্যাকুলিনকে চিঠি লেখেন সুকেশ। এবার চিঠিতে সুকেশ জানালেন, জ্যাকুলিনকে বিরাট চমক দিতে চলেছেন। তারিখ ১১ আগস্ট। ওই দিন অভিনেত্রীর জন্মদিন। সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন সুকেশ।

আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে জ্যাকুলিনকে ওই চিঠি পাঠান সুকেশ। চিঠির প্রতিটি ছত্রে জ্যাকুলিনের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন। শুধু তা-ই নয়, তিনি প্রিয়তমাকে কতটা মিস করছেন তা-ও জানিয়েছেন।
সুকেশ জ্যাকুলিনের উদ্দেশে লেখেন, “আমার বেবি, আমার সোনা জ্যাকুলিন, তোমাকে ভালবাসি। তোমাকে জীবনে পেয়ে আমি ধন্য। তুমি আমার রানি। আমি প্রতি মুহূর্তে তোমার কথাই ভাবি। আমি জানি, তুমিও আমাকে পাগলের মতো ভালবাসো। আমি অপেক্ষা করে আছি তোমার জন্মদিনের। তোমার জন্য দারুণ একটা চমক অপেক্ষা করে আছে। আমি নিশ্চিত, উপহার তোমার ভাল লাগবে। আমি আমার কথা রাখছি কিন্তু। তুমি শুধু নিজের হাসিটা অটুট রেখো।”

শেষে সুকেশের সংযোজন, “সত্য সামনে আসার সময় হয়েছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”

সুকেশ এই চিঠিতে অভিনেত্রীর প্রতি তার প্রেমের অভিব্যক্তির পাশপাশি বেশ কিছু রহস্য রাখলেন। এখন অপেক্ষা জ্যাকুলিনের জন্মদিনের জন্য। কী চমক রেখেছেন সুকেশ, সেদিনই বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights