জেলেদের সঠিক তালিকা প্রস্তুত করার পরিকল্পনা করছে সরকার : মৎস্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রস্তুত করার পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।

রবিবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রস্তুতের পাশাপাশি বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয় সংস্কার করে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে। মৎস্য অধিদপ্তর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের তালিকা প্রণয়ন এবং মৎস্যজীবী কার্ড দিয়ে থাকে।

তিনি জানান, ‘জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নির্দেশিকা-২০১৯’ অনুযায়ী সারাদেশে জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী প্রকৃত জেলেদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমিন উর রশিদ বলেন, দেশের সব জলাশয়ের জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে দেশের বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয়গুলো সংস্কার করা সম্ভব হবে। এর ফলে জলাশয়ের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাছের উৎপাদনশীলতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights