ঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে ঝালকাঠি জেলা কারাগারের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে এক দোকানিকে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। পরে আকন ট্রের্ডাস নামে এক দোকানিকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেয়। পরে তাদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ৫০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আবু জাফর নিজেই স্বীকার করেছেন তিনি ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
