ঝালকাঠিতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

অনলাইন ডেস্ক

আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।

রবিবার সকালে ডিসি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এর আগে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ৮টি স্টলে জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা ও রেকর্ড রুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, রাজস্ব সার্কেল, সাব রেজিস্ট্রি অফিস এবং সেটেলমেন্ট অফিস অংশ নেয়। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে। মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।

জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমিসেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights